প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
২০২৬ অক্টোবর ২৩ ১৮:৫২:০০
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি :ফরিদপুরে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৬ জন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। মাত্র শোয়া এক ঘন্টা ব্যবধানে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালি উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা এলাকায় এ দুর্ঘটনা দু'টি সংঘটিত হয়।
আজ শুক্রবার দুপুরের দিকে মধুখালির মালেকা চক্ষু হাসপাতালের নিকটবর্তী স্থানে একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ১ নারীসহ মোট ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ দূর্ঘটনায় হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-মাগুরা মহাসড়কের আড়কান্দি ব্রিজের পূর্ব পাশে মালেকা চক্ষু হাসপাতালে নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিংফিশার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ছয় যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান এবং ওপর তিনজনকে আহত মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়দের থেকে খবর পেয়ে মধুখালি ফায়ার সার্ভিস, করিমপুর হাইওয়ে পুলিশ ও মধুখালি থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠায়।
এ দূর্ঘটনার মাত্র ১ঘন্টা ১৫ মিনিট পরে বিকেল চারটার দিকে একই মহাসড়কে ফরিদপুর সদর এলাকায় তেঁতুলতলা নামক স্থানে গোল্ডেন লাইন নামক এক যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি বালু ভর্তি ট্রাক উল্টে, ঢাকাগামী একটি প্রাইভেটকার ও ফরিদপুরগামী একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশা চালক ও থাকা এক নারী ও এক শিশু নিহত হয়। এ ঘটনায় প্রাইভেটকার ও অটোরিকশায় থাকা আরও ৫ যাত্রি গুরতর আহত হয়। এ দুর্ঘটনায় কিছুক্ষণের মধ্যে ফরিদপুর ফায়ার সার্ভিস, করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও কোতয়ালি থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে এক নারী ও শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আর ৫ জন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনার সম্মুখীন হওয়া প্রাইভেটকারে থাকা মো. সাইফুল ইসলাম নামের এক যাত্রী উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'মাগুরা গামী গোন্ডেল নাইন নামের একটি পরিবহন বাস বেপরোয়া গতিতে এসে একটি থ্রি-হুইলার গাড়িকে অভারটেক করে অতিক্রম করার সময় ফরিদপুর গামী বালুর ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায় এবং ওই ট্রাকের নীচে আমাদের প্রাইভেটকার ও যাত্রী ভর্তি একটি অটোরিকশাটি চাপা পড়ে দুমড়ে মুচড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু'টির সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানা ইনচার্জ মো. আব্দুস সালাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, নিহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ দুই দুর্ঘটনার হতাহতের নাম পরিচয় সনাক্তের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সড়ক দুর্ঘটনা দুটির প্রকৃত কারণ প্রাথমিকভাবে নির্নয় করা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা, অতিরিক্ত গতি ও ওভারটেকিং এর কারণে এ দূর্ঘটনা ঘটে থাকতে পারে।
এ সড়ক দুর্ঘটনা দু'টির কারণে মহাসড়কটিতে সর্বমোট পৌনে এক ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকে। পরে ফারায় সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় এবং হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় রাস্তা থেকে দুর্ঘটনায় কবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
(আরআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৬)
