ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত

২০২৬ অক্টোবর ২৪ ১৮:৫৪:৫৩
বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের কচুয়া উপজেলায় বিলের ভেতর পাতানো অবৈধ কারেন্ট জালের বিদ্যুৎ সংযোগে বিদ্যুতায়িত হয়ে আমজাদ শেখ (৫৫) নামের একজন দিনমজুর নিহত হয়েছেন। উপজেলার গোপালপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে শুক্রবার রাতের এ ঘটনার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি নালার মধ্যে কচুড়িপানা দিয়ে মরদেহ ঢেকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে থানা পুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আমজাদ শেখ প্রতাপপুর গ্রামের জলিল শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত তর্মকর্তা (ওসি) আল মামুন ও নিহতের পরিবার জানান, শুক্রবার রাতে আমজাদ শেখ বাড়ির পাশের মাঠে ‘কোচ’ দিয়ে মাছ শিকারে যান। এদিকে ওই এলাকার মোহাম্মদ মোল্লার ছেলে মাহবুব মোল্লা ফেলু রাতের বেলায় মাছ ধরার জন্য বিলে অবৈধ কারেন্ট জাল পেতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ প্রদান করে। রাতে আমজাদ শেখ মাছ কোপানোর সময় ওই জালের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি জানতে পেরে গভীর রাতেই জালের মালিক মাহবুব মোল্ল ফেলু নিহতের মরদেহটি কিছু দূরে নালার মধ্যে কচুড়িপানা দিয়ে ঢেকে রাখে। এদিকে রাতভর আমজাদ শেখ বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সারারাত খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা মাহবুব মোল্লার বাড়ির দক্ষিণ পাশে নালার মধ্যে কচুড়িপানা দিয়ে ঢাক অবস্থায় আমজাদ শেখের মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম বাদী হয়ে মাহবুব মোল্লা ফেলুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

(এস/এসপি/অক্টোবর ২৪, ২০২৬)