ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

২০২৬ অক্টোবর ২৫ ০১:১৮:৩৭
‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

স্টাফ রিপোর্টার : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের পেশা পরিচালনার স্বার্থে বসার স্থানসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে।
এ সময় তিনি এমন আশ্বাস দেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস।

সাক্ষাৎকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দুজন সহসভাপতি, দুজন সহসম্পাদকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আইনজীবীদের বসার স্থানের তীব্র সংকটের বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টিতে আনেন।

তিনি জানান, আইনজীবীদের এই সংকট নিরসনে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং প্রকল্পটির কাজও শুরু হয়েছিল।

এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ‘ভবন-২০২০’ প্রকল্পের পটভূমি প্রধান বিচারপতিকে অবহিত করেন। তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুমতিক্রমেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, যখন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরবর্তীকালে রাজনৈতিক কারণে প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং ভবন নির্মাণসংক্রান্ত যাবতীয় নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে সরবরাহের নির্দেশ দেন।

সমিতির সম্পাদক আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাব উত্থাপন করেন। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রধান বিচারপতি।

এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের ভঙ্গুর অবস্থা তুলে ধরা হলে প্রধান বিচারপতি এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন।

আইনজীবীদের নামাজের স্থানের সংকট নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি অভিমত ব্যক্ত করেন যে, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার স্থানসহ আরও অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।

প্রধান বিচারপতি ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি সমিতির সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও নেতাদের আশ্বস্ত করেন।

প্রধান বিচারপতি আইন পেশার ভাবগাম্ভীর্য, মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে বিচারক ও আইনজীবীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

(ওএস/এএস/অক্টোবর ২৫, ২০২৬)