প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার
২০২৬ অক্টোবর ২৬ ০১:২০:১৮
স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে সোমবার। পরবর্তীতে এটি অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করবে আগামী বুধবার।
রবিবার (২৫ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় প্রথমে নিম্নচাপে পরিণত হয়।
পরবর্তীতে এটি আরও ঘণীভূত হয়ে রোববার দুপুর ১২টায় একই এলাকায় (১৫.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) গভীর নিম্নচাপে পরিণত হয়।
নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে সোমবার (২৬ অক্টোবর) একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
পরবর্তীতে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারে বুধবার (২৮ অক্টোবর) নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এই অবস্থায় আগামী পাঁচদিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।
ইতোমধ্যে চট্টগ্রামে বৃষ্টির প্রবণতা বেড়েছে। ধীরে ধীরে এটি খুলনা, রংপুর, রাজশাহী, ঢাকার দিকেও ছড়িয়ে যাবে। এছাড়া সাগরও উত্তাল হয়ে উঠছে। তাই সব সমুদ্রবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।
(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৬)
