প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে এখন থেকেই পাঁয়তারা করছে বিএনপি’
২০২৬ অক্টোবর ২৬ ১৪:৩০:১৯
স্টাফ রিপোর্টার : তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসাতে বিএনপি এখন থেকেই পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সারাদেশের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনাকে সামনে রেখে মুন্সীগঞ্জে ঢাকা উত্তর অঞ্চলের সাংগঠনিক সমন্বয় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি। সেখানে সভা শুরুর আগে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এমন মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি অতীতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ষড়যন্ত্র করেছে। ২০০৬ সালে নিজেদের লোক বসানোর চেষ্টা করেছে। তারা তখন সফল হয়নি। আবারও তারা পাঁয়তারা করছে কীভাবে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়। এটার মানে খুবই সুস্পষ্ট যে বিএনপি আগামী নির্বাচন কোনোভাবেই সুষ্ঠুভাবে হতে দেবে না।
আমরা স্পষ্টভাবে বলছি, এ পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে হবে। র্যাঙ্ক চয়েস সিস্টেম আমরা প্রস্তাবনা দিয়েছিলাম তার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা সারাদেশে দেখতে পাচ্ছি যে প্রচুর দমন-পীড়ন চলছে বিরোধী দলগুলোর ওপর বা সরকারের যারা সমালোচনা করছে সাধারণ মানুষ তাদের ওপর। গত কয়েক মাসে ২২ জন মানুষকে গ্রেফতার করা হয়েছে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের কারণে।
আমরা গতকালকে একটা নিউজ দেখলাম ময়মনসিংহে একজন নারীকে গ্রেফতার করা হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে, যিনি সমালোচনা করেছেন যে-কেন বিএনপিকে ভোট দিলাম বা এই ধরনের একটা কথা বলেছেন। বিএনপিকে নতুন স্বৈরাচার উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই যে নতুন স্বৈরাচার তৈরি হচ্ছে বিএনপি, এই স্বৈরাচারকে যদি আমরা প্রথমেই রুখে দিতে না পারি, প্রতিরোধ করতে না পারি, তাহলে আমাদের কিন্তু ভুগতে হবে। আওয়ামী লীগকে যেমন ২০০৮-এর পর প্রথমেই প্রতিরোধ করা যায়নি বলে তারা কিন্তু বাংলাদেশে একনায়কতন্ত্র কায়েম করে ১৬ বছর ছিল। বিএনপিও একই স্টাইলে এগোচ্ছে।
ফলে, বিএনপিকে এখনই যতই শিশু সরকার বলুক, আমরা মনে করি এই শিশুকে এখনই শাসন করার সময় এসেছে।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, এবার স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে এটা আমাদের কাছে মনে হচ্ছে না।
তবে, আমরা একটা কথা বলতে চাই-স্থানীয় সরকার নির্বাচনে আমরা কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং মেনে নেবো না। এই ধরনের পরিকল্পনা যদি থাকে তাহলে বিএনপি আসলে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
সমন্বয় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, ঢাকা বিভাগ (উত্তর) সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ২৬, ২০২৬)
