প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে স্কুল শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যা
২০২৬ অক্টোবর ২৬ ১৫:৩১:৪৯
শাহ্ আলম শাহী, দিনাজপুর: দিনাজপুরের জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে স্কুল শিক্ষক মনোরঞ্জন রায় পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় একজনকে আটক করেছে পাবর্তীপুর মডেল থানা পুলিশ।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে পাবর্তীপুর উপজেলার রাবেয়া বাজারের সোনাপুকুর নোয়া মোল্লাপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
জেলা পুলিশের মিডিয়া সেলের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানাননো হয়েছে, বসতবাড়ির রাস্তার জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন রায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
নিহত মনোরঞ্জন রায় (৫৫) চিরিরবন্দরের সোনাপুকুর মাঝিপাড়ার মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে এবং চিরিরবন্দরের পুর্ব সুখদেবপুর সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক।
প্রাপ্ত তথ্যেের উদ্ধৃতি দিয়ে আরো জানানো হয়, নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের সাথে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। আজ দুপুরে উক্ত রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে শিক্ষক মনোরঞ্জন মাস্টার বিরোধ মীমাংসা কিংবা পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় আসাদুজ্জামান এবং তার সঙ্গীয় লোকজন ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত চড়াও হয় এবং সজনে গাছের ডাল, লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতে পেয়ে তিনি পার্শ্ববর্তী ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় মৃত আজিজুল ইসলামের ছেলে আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে সংবাদ দিলে পার্বতীপুর থানার অফিসার ইনচার্জসহ পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসাদুজ্জামান (৩২)-কে পুলিশ হেফাজতে গ্রহণ করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বর্তমানে ঘটনাস্থল ও আশপাশ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।
পাবর্তীপুর মডেল থানার ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান, পারিবারিক পুর্ব ঘটনার জেরে পুর্ব সুখদেবপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক মনোরঞ্জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধারসহ ১জনকে আটক করেছেন তারা। এলাকার মুরব্বী হিসেবে বন্ধুর বাড়ীতে গিয়ে প্রতিবেশীর হামলা সে প্রাণ হারিয়েছে। তবে ঘটনার বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
চিরিরবন্দর থানার ইনচার্জ মাহমুদুল নবী জানান, হত্যাকান্ডের ঘটনা চিরিরবন্দর উপজেলার শেষ সীমানা সংলগ্ন পাবর্তীপুরের রাবেয়া বাজার এলাকায়। জমি বিরোধের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
(এসএএস/এএস/অক্টোবর ২৬, ২০২৬)
