প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
২০২৬ অক্টোবর ২৬ ১৯:১০:৪৬রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : শ্যামনগর উপজেলার যাদপুর গ্রাম থেকে নিখোঁজে দুইদিন পর ধানক্ষেত থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আজ সোমবার সকাল আটটার দিকে স্থানীয়রা পার্শ্ববর্তী গ্রাম শৈলখালি গ্রামের এক পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সকাল ১১টার দিকে পুলিশ পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
নিহত কৃষকের নাম মনোরঞ্জন মন্ডল (৬৩)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ছোট ছেলে সুশান্ত মন্ডল (২২) জানান, তার বাবা নিজদের জমিতে কিটনাশক স্প্রে করার জন্য শনিবার বিকেল তিনটার দিকে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। তারা ধারণা করেছিলেন নিজেদের জমিতে কিটনাশক স্প্রে শেষে পাশের গ্রাম নৈকাটিতে তার কাকার বাড়িতে গিয়েছেন। রোববার দুপুর পর্যন্ত বাড়িতে না আসায় তারা খোঁজ নিয়ে দেখেন তার বাবা নৈকাটি গ্রামে তার কাকার বাড়ি যাননি। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে তার বাবার সন্ধান পায়নি। আজ সোমবার সকাল আটটার দিকে স্থানীয় কয়েকজন এসে জানান তার বাবার মরদেহ তাদের জমির পাশে শৈলখালি গ্রামের মোহাম্মদ চৌকিদারের পুকুর পাড়ে পড়ে রয়েছে।
তিনি আরও জানান, তারা পরপরই সেখানে যেয়ে দেখেন তার বাবার মরদেহের পাশে কিটনাশক স্প্রে করার মেশিন ও একটি কলস পড়ে রয়েছে। পরে শ্যামনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য শাহনুর রহমান জানান, সকাল ১১টার দিকে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী নেতৃত্বে পুলিশ এসে মনোরঞ্জন মন্ডলের মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, মনোরঞ্জন মন্ডলের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর থানার মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে কিটনাশক স্প্রের সময় অসাবধানবশত তার নাকে-মুখে বিষ যেয়ে তার মৃত্যু হতে পারে। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাবে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(আরকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
