প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
২০২৬ অক্টোবর ২৬ ১৯:৪১:২৫মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : ঢাকার রেলওয়ে থানাধীন মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় পদ্মা রেল সেতুর ওপর চলন্ত ট্রেন থেকে পড়ে এক অজ্ঞাতনামা নারীর (আনুমানিক বয়স ৩৫) মৃত হয়েছে। আজ সোমবার সকাল ৯টা ৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি মাওয়া চৌরাস্তা সংলগ্ন এলাকার পদ্মা রেল ব্রিজের ১৫৫/৭ নম্বর পিলারের নিকট পৌঁছালে ওই নারী ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পদ্মা সেতু উত্তর থানার ওসি আখতার হোসেন জানিয়েছেন, মাওয়া চৌরাস্তা সংলগ্ন পদ্মা সেতুর রেলওয়ের র্যাম এর সবুজ লোহার ব্রিজের উপর মহিলা ট্রেন থেকে পড়ে গিয়ে সে মারা যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুতত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ওসি জয়নাল আবেদিন জানিয়েছেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য সিআইডিকে ডাকা হয়েছে। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
(এমকে/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
