ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন

২০২৬ অক্টোবর ২৭ ০১:২৭:২৭
কাপ্তাইয়ে আনন্দ-উচ্ছ্বাসে প্রবারণা পূর্ণিমা উদযাপন

রিপন মারমা, কাপ্তাই :কাপ্তাইয়ের রাতের আকাশ যেন হুট করেই নেমে আসা কোনো তারার মেলা একে একে আকাশে ডানা মেলে উড়ে চলা রঙবেরঙের ফানুস আর শতশত মানুষের আনন্দ-উল্লাসে মুখরিত হয়ে ওঠে কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার মাঠে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার রাতে ফানুস ওড়ানোর এই মনোমুগ্ধকর দৃশ্য মুগ্ধ করেছে পাহাড়ি-বাঙালি সব বয়সের মানুষকে।

দিনভর বৌদ্ধ বিহারগুলোতে চলে বুদ্ধপূজা, শীলগ্রহণ, ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা, বুদ্ধ স্নান। তবে সূর্যের আলো ফুরিয়ে সন্ধ্যা নামতেই কাপ্তাইয়ের মূল আকর্ষণ কেন্দ্রীভূত হয় ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে। গৌতম বুদ্ধের পবিত্র কেশধাতু পূজার স্মরণে এবং মনের সকল গ্লানি ও অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়ার প্রতীক হিসেবে আকাশে ফানুস ওড়ানোর এই আনন্দযজ্ঞে অংশ নেন শত শত পুণ্যার্থী।

তরুণ থেকে শুরু করে প্রবীণ—সবার হাতেই ছিল নানা আকৃতির রঙিন ফানুস। একে একে যখন ফানুসগুলোতে আগুন জ্বালিয়ে আকাশে ছেড়ে দেওয়া হচ্ছিল, তখন পুরো বিহার মাঠজুড়ে তৈরি হয় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ। বাতাসে ভেসে চলা হাজারো ফানুসের হলুদ, লাল, নীল আলোয় কাপ্তাইয়ের রাতের আকাশ ধারণ করে এক অলৌকিক ও মনোরম রূপ। মাঠের চারপাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা করতালি দিয়ে এই দৃশ্য উপভোগ করেন।

প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করতে আসা কয়েকজন পূর্ণাথীরা জানান,প্রবারণা পূর্ণিমা আত্মশুদ্ধি এবং মৈত্রী ভাব প্রচারের দিন। আকাশে ফানুস ওড়ানোর মাধ্যমে মানুষ তার ভেতরের সমস্ত হতাশা, হিংসা ও অন্ধকার উড়িয়ে দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার প্রার্থনা করে। কাপ্তাইয়ে অত্যন্ত শান্তিপূর্ণ, বর্ণিল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে এবারের প্রবারণা পূর্ণিমা ও ফানুস উৎসব।

(আরএম/এএস/অক্টোবর ২৭, ২০২৬)