প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নীলসাগর এক্সপ্রেসের ছাদে যাত্রীর টাকা-ঘড়ি ছিনতাই, গ্রেপ্তার ২
২০২৬ অক্টোবর ২৭ ১৮:০১:১২
ঈশ্বরদী প্রতিনিধি : ঢাকা থেকে দিনাজপুরের বিরামপুরগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদে এক যাত্রীর হাতঘড়ি ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার পাকশি জেলা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে সিরাজগঞ্জের ইব্রাহিমাবাদ স্টেশনে ট্রেনটি থামলে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যাত্রী মো. তানভীর আহমেদ (১৯) দিনাজপুরের বিরামপুর থানার বাসিন্দা। যমুনা সেতু দেখার উদ্দেশ্যে তিনি ট্রেনের ছাদে উঠেছিলেন। এ সময় ছাদে থাকা দুই ব্যক্তি তাঁর হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেন।
ঘটনার পর অভিযান চালিয়ে সোমবার সকাল ১০টা ৩৬ মিনিটে জামতৈল রেলস্টেশন থেকে মো. শামসুল ইসলাম (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার বাসিন্দা।
অন্যদিকে, পলাতক আসামি মো. নয়ন মিয়াকে (২৫) মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটে তাঁর নিজ এলাকা সিরাজগঞ্জের কামারখন্দ থানা এলাকা থেকে জেলা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে সিরাজগঞ্জ রেলওয়ে থানায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়।
(এসকেকে/এসপি/অক্টোবর ২৭, ২০২৬)
