প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কলাপাড়ায় সমুদ্রগামী ১২০ টি ট্রলারে জীবন সুরক্ষা উপকরণ বিতরণ
২০২৬ অক্টোবর ২৯ ১৫:০৩:৪২
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিতকরণে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়া পটুয়াখালী পরিষদ মিলনায়তনে জাগোনারী ও এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে কেয়ার বাংলাদেশ’র সহযোগিতায় এ সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, প্রদৃপ্ত প্রকল্পের ব্যবস্থাপক জাফর আলম, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল সাবা শবনম।
অনুষ্ঠানে কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার ১২০ টি ট্রলারে পাঁচটি করে লাইফ জ্যাকেট, পাঁচটি বয়া, পাঁচটি বাঁশি ও একটি টর্চলাইট বিতরণ করা হয়।
প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ঝড়, জলোচ্ছ্বাস, ও জলদস্যুর হামলা থেকে জেলেদের জীবন সুরক্ষায় প্রতিটি সমুদ্রগামী ট্রলারের জেলেদের সুরক্ষা উপকরণ সরবরাহ করা হবে। এতে যেকোনো দুর্যোগে জীবন ও সম্পদহানী কমে আসবে।
(এমকেআর/এএস/অক্টোবর ২৯, ২০২৬)
