প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় নদীর বালু বিক্রির অভিযোগ ইউপি সদস্য, তাঁর ভাই ও ছাত্রদল নেতার বিরুদ্ধে
২০২৬ অক্টোবর ২৯ ১৫:১৪:৫২
রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ীর পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নে গড়াই নদী সংস্কারের সময় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে উত্তোলন করে রাখা বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য তামজিদ হোসেন, তাঁর ভাই ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. করিম এবং ইউনিয়ন ছাত্রদল নেতা সাদিকুর রহমানের বিরুদ্ধে। সংসদ সদস্যের নাম ব্যবহার করে বালু বিক্রির কাজ চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কশবামাজাইল ইউনিয়নে গড়াই নদী থেকে উত্তোলন করে রাখা বালু বিক্রি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। বালু বিক্রি ও পরিবহনের বৈধতা এবং এ-সংক্রান্ত সরকারি অনুমোদন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দার বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে সংসদ সদস্যের নাম ব্যবহার করে তাঁরা বালু বিক্রির কার্যক্রম চালাচ্ছেন বলে দাবি তাঁদের।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের পক্ষ থেকে উপজেলা পর্যায়ের নেতারা বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন বলে দাবি করা হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সংসদ সদস্য বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো. বশির আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বালু উত্তোলন ও বিক্রির বিষয়ে তিনি কিছুই জানেন না।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁদের কোনো তথ্য দেওয়া হয়নি।
(একে/এএস/অক্টোবর ২৯, ২০২৬)
