প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামালপুরে ‘রোবো ফেস্ট’ উদযাপিত
২০২৬ অক্টোবর ২৯ ১৮:৫০:৫৮
জামালপুর প্রতিনিধি : রোবোস্টিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘রোবো ফেস্ট–২০২৬’।
আজ বৃহস্পতিবার জামালপুরেইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকসের (সিএআইআর) বিভিন্ন প্রযুক্তিগত প্রকল্প ও রোবট প্রদর্শন করা হয়।
‘এ জার্নি ইনটু দ্য ওয়ার্ল্ড অব রোবোটিকস’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচি উপস্থাপন করে সেন্টার ফর এআই অ্যান্ড রোবোটিকস (সিএআইআর), ইউআইইউ। ফেস্টের আয়োজনে ছিল ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের সায়েন্স অ্যান্ড ইনোভেশন ক্লাব। এতে সহযোগিতা করে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইউনাইটেড ট্রাস্ট।
প্রদর্শনীতে গ্রাউন্ড রোবোটিকস, মেরিন রোবোটিকস ও এরিয়াল রোবোটিকস—এই তিনটি ক্ষেত্রে ইউআইইউর দলগুলোর প্রযুক্তিগত উদ্ভাবন তুলে ধরা হয়। গ্রাউন্ড রোবোটিকসের আওতায় প্রদর্শিত হয় মার্স রোভার ও রেসকিউ রোভার। মেরিন রোবোটিকসের প্রকল্প হিসেবে ছিল ইউআইইউ মেরিনার। পাশাপাশি ইউআইইউর এরিয়াল রোবোটিকস দলের প্রযুক্তি ও কার্যক্রমও তুলে ধরা হয়। এ ছাড়া প্রদর্শনীতে দুটি মেডিকেল রোবটভিত্তিক প্রকল্প উপস্থাপন করা হয়—বাংলা কম্প্যানিয়ন রোবট এবং ক্রস-ডিসঅ্যাবিলিটি কমিউনিকেশন। এসব প্রকল্পের মাধ্যমে সহায়ক প্রযুক্তি, যোগাযোগের প্রতিবন্ধকতা দূর করা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রযুক্তির ব্যবহারিক সম্ভাবনা তুলে ধরা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ইউআইইউর মার্স রোভার দল ২০২৬ সালের ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে (ইউআরসি) বিশ্বে তৃতীয় ও এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে। দলটি বেস্ট অটোনোমাস সিস্টেম রিকগনিশনও পেয়েছে। অন্যদিকে, ইউআইইউর এরিয়াল রোবোটিকস দল ২০২৬ সালের স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রথম বাংলাদেশি দল হিসেবেও দলটি পরিচিতি পেয়েছে।
ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রশিদুল ইসলাম খান বলেন, “এ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করা এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি রোবোটিকস, প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রকৌশল নকশা সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে জামালপুরের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিজ্ঞান, প্রোগ্রামিং ও রোবোটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত হবে।”
পুরো অনুষ্ঠানটির সমন্বয় ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এইচআর (প্রশাসন ও মানবসম্পদ) মি. হাসান শরীফ।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জামালপুরের শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (স্টেম) শিক্ষায় নিজেদের দক্ষতা বিকাশে অনুপ্রাণিত হবে। একই সঙ্গে এ আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ সুগম করবে।
(পিআর/এসপি/অক্টোবর ২৯, ২০২৬)
