ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল

২০২৬ অক্টোবর ৩০ ০১:১২:৩০
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী মির্জা ফয়সল

স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

তিনি বলেন, “ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা প্রার্থী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।”

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) পেয়েছেন ৪৫০ ভোট।

ফলাফল ঘোষণার সময় প্রার্থী ও দলগুলোর প্রতিনিধিরাসহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্তরের নির্বাচনি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপনির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত ২২ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

(ওএস/এএস/অক্টোবর ৩০, ২০২৬)