প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত
এইচএসসির খাতা চ্যালেঞ্জ শুরু রবিবার
২০২৬ অক্টোবর ৩১ ১৪:৩৩:১৭
স্টাফ রিপোর্টার : প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এ বছর পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ফলাফলে সন্তুষ্ট হলেও অনেক শিক্ষার্থী অসন্তুষ্ট থাকে। এসব অসন্তুষ্ট শিক্ষার্থীর জন্য আগামীকাল রবিবার (১ নভেম্বর) থেকে শুরু হবে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন। আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত। এবার আবেদনের বিস্তারিত নিয়মাবলি জানানো হয়েছে। প্রতিটি পত্রের জন্য পরীক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিতে হবে।
আবেদনের নিয়মাবলি
আবেদন করতে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে। এরপর বোর্ডের ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।
এরপর মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। পরবর্তী স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো সংশ্লিষ্ট পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।
এরপর ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। উল্লেখ্য, ফি পরিশোধ করে একবার আবেদন জমা দেওয়ার পর আরও কোনো বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
এ ছাড়া ফি পরিশোধের আগেই আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি পরিশোধ করা হয়নি) প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করা যাবে।
তবে একবার ফি জমা দেওয়ার পর আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না। এ ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৬)
