প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
তীর্থস্থান থেকে ফেরার পথে প্রাণ গেল শিক্ষিকার, ট্রাকচাপায় স্বামী আহত
২০২৬ অক্টোবর ৩১ ১৭:৪২:৪৪
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জয়ারানী (৩০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী বাবলা দাস (৩১) আহত হয়েছেন। শুক্রবার (৩০শে অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকার বাবলা দাস তাঁর স্ত্রী শিক্ষিকা জয়ারানীকে নিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর ধাম তীর্থস্থান দর্শন শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে দুপচাঁচিয়ার তিশিগাড়ী এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনই সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জয়ারানীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত বাবলা দাসকে স্থানীয় লোকজনের সহায়তায় দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
নিহত জয়ারানী বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী বাবলা দাস একই গ্রামের যুগল চন্দ্র দাসের ছেলে।খবর পেয়ে দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে তীর্থস্থান দর্শন শেষে বাড়ি ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ এলাকায় পৌঁছালে শেষবারের মতো একনজর দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন।
বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী আহত ও তার স্ত্রী ঘটনাস্থলে মারা যান।
(বিএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
