প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
২০২৬ অক্টোবর ৩১ ১৮:২৯:২৯
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতে ইসলামীর লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ লড়াইয়ে আমরা দেশের মানুষকে পাশে চাই।”
আজ শনিবার সকালের দিকে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি চলাকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে এক অনির্ধারিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা ৭ দফা দাবি নিয়ে মাঠে নেমেছেন। দেশের প্রয়োজনে এবং জনতার স্বার্থে যেকোনো মুহূর্তে এই ৭ দফা এক দফায় পরিণত হতে পারে। সেই এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে ভাটিয়াপাড়া গোলচত্বরে জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটের বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত হন।
(টিবি/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
