প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
২০২৬ অক্টোবর ৩১ ১৮:৪৩:১৪
জামালপুর প্রতিনিধি : এইচএসসি ২০২৬ পরীক্ষার ফলাফলে প্রথম বছরেই অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। শতভাগ পাসের কৃতিত্ব নিয়ে প্রতিষ্ঠানটি জামালপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে।এই ফলাফল প্রতিষ্ঠানটির গৌরবময় সাফল্যের স্বাক্ষর হিসেবে দেখছে জামালপুরবাসী।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া ২৮ জন শিক্ষার্থী ‘এ’ এবং একজন শিক্ষার্থী ‘এ-’ গ্রেড পেয়েছে।
প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েই এমন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুরের অধ্যক্ষ কর্নেল (অব.) মো. রশিদুল ইসলাম খান বলেন, ‘প্রথম বছরেই আমাদের শিক্ষার্থীরা শতভাগ পাসসহ এমন অসাধারণ ফলাফল অর্জন করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। ৩৯ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূলভিত্তি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাব।’
(আরআর/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
