প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
২০২৬ অক্টোবর ৩১ ১৮:৫০:২৯
বাগেরহাট প্রতিনিধি : বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ৭ দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি। আমাদের মূল দাবি একটাই, গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছেন। বিএনপিকে এই রায় বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাশত করা হবে না। নির্বাচনের আগে বিএনপির নেতারা বলেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা মেনে নেবে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে, এখন সেই রায় মেনে নিতে হবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি, জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
আজ শনিবার দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরো বলেন, আরেকটি অনিবার্য বিপব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।
পথসভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি ইউনুস আলী, বাগেরহাট জেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার ে সোহেলসহ ১১ দলীয় জোটের নেতারা।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের করেছে জামায়াতসহ ১১-দলীয় ঐক্য।
(এস/এসপি/অক্টোবর ৩১, ২০২৬)
