প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
২০২৬ নভেম্বর ০১ ১৩:৪৪:০৩
স্টাফ রিপোর্টার : তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের সাম্প্রতিক ঘটনাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মনে করছে সরকার। কয়েকটি রাজনৈতিক সংগঠন শ্রমিকদের ব্যবহার করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, “শ্রমিকদের সঙ্গে আলোচনার পর মজুরি বোর্ড গঠনের বিষয়টি আগেই গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছিল। এরপরও কয়েকটি কারখানায় অকারণে ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের কারখানা থেকে ছুটি দেওয়ার পর আবার মজুরি বোর্ড ঘোষণা করা হয়নি বলে প্রচার করা হচ্ছে।”
ডিসেম্বরকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা থেকে এসব ঘটনা ঘটানো হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিষয়টি বিবেচনায় নেওয়ার মতো।”
ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে অন্য কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা সচেতন থাকলে তাদের এমন উদ্দেশ্য সফল হবে না।”
সাম্প্রতিক ঘটনার পর সরকার কঠোর অবস্থান নেবে কি না, জানতে চাইলে আরিফুল হক চৌধুরী বলেন,মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর এ ধরনের পরিস্থিতি আর থাকবে না বলে আশা করছেন তিনি।
(ওএস/এএস/নভেম্বর ০১, ২০২৬)
