প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন
২০২৬ নভেম্বর ০১ ১৭:০৮:৩২
শাহ্ আলম শাহী, দিনাজপুর : অক্টোবর মাসব্যাপী ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে।
আজ শনিবার সন্ধ্যায় দিনাজপুরস্থ জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম এবং দিনাজপুরের খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার তাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ ব্যতিক্রমী ও জনকল্যাণমুখী কর্মসূচির আয়োজন করা হয়।
বিশিষ্ট ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বক্তব্যে বলেন, স্তন ক্যানসার প্রতিরোধে প্রাথমিক লক্ষণসমূহ সময়মতো সনাক্তকরণই জীবন বাঁচানোর সবচেয়ে বড় চাবিকাঠি। জেলা ও উপজেলা পর্যায়ে মানুষের মধ্যে এ বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা এখন সময়ের দাবি। ক্যানসার মুক্ত সমাজ গড়তে তিনি তৃণমূল পর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দিনাজপুরের ১৩টি উপজেলায় ২ দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য 'গোলাপি সড়ক শোভাযাত্রা'র মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে স্তন ক্যানসার সম্পর্কিত সচেতনতার বার্তা অত্যন্ত সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, ক্যানসার প্রতিরোধে সঠিক তথ্যের প্রচার এবং সচেতনতার কোনো বিকল্প নেই।
(এসএস/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
