প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘অবিলম্বে সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে হবে’
২০২৬ নভেম্বর ০১ ১৮:১৬:১৯
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনকে দস্যুমুক্ত করে বনজীবীদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার দাবীতে সাতক্ষীরায় জেলে, বাওয়ালী ও মৌয়ালদের সাথে বিভিন্ন পেশাজীবী মানুষ পঞ্চম দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে।
আজ রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন হরিনগর বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দুই হাজারের বেশি বনজীবী অংশ নেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দিন লিটন, মুন্সিগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রহমান, মৌয়াল বাবর আলী গাজী, জেলে মোঃ আব্দুর রহমান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক সরদার প্রমুখ।
বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। বনদস্যুদের ভয়ে জেলে-বাওয়ালিরা নিরাপদে সুন্দরবনে প্রবেশ করতে পারছে না। অনেকে মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছে। আবার মুক্তিপণ দিতে দেরী হওয়ায় অনেককে হাত ও পা ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছে। অপহরণ ও মুক্তিপণের আতঙ্কে তাঁদের পরিবারগুলো উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
আরও বলেন, স্যালেন্ডারের নাটক বন্ধ করে প্রকাশ্যে দস্যুদের শাস্তি দিতে হবে। দরকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলে এক হয়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও যারা এলাকায় বসে ডাকাতদের সহযোগিতা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
বনবিভাগের উদ্দেশ্য বক্তারা বলেন, একদিক নদস্যুদের মুক্তিপণ অপরদিকে পাস পারমিট থাকার পরও বন কর্মকর্তারা বিভিন্নভাবে অতিরিক্ত টাকা আদায় করছেন। এটা বন্ধ করতে হবে। কর্মসূচী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামুজ্জাহান কণক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
(আরকে/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
