ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত

২০২৬ নভেম্বর ০১ ১৮:২৪:৪৪
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় যুব দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুবকদের সম্মাননা প্রদান, যুবঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

আজ রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

পরে অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম।

এতে বক্তব্য দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্যসচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমারুল ইসলাম।

শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৪জন যুবকের মাঝে সম্মাননা ক্রেস্ট, কর্মসংস্থানের জন্য ৪জন যুবককে ৪লাখ টাকা যুবঋণের চেক ও অর্ধশতাধিক ফলদ গাছের চারা বিতরণ করেন অতিথিরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

(পিএস/এসপি/নভেম্বর ০১, ২০২৬)