প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য, টানা দুই বছর ফেল সব পরীক্ষার্থী
২০২৬ নভেম্বর ০১ ১৮:৪৯:১৯
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফলে দেখা দিয়েছে চরম বিপর্যয়। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ২২ জন শিক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ প্রতিষ্ঠান চারটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। এর মধ্যে মেলান্দহের একটি কলেজে টানা দুই বছর ধরে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর ছয়জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তাদের সবাই অকৃতকার্য হয়েছেন।
একই চিত্র দেখা গেছে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত এসএম শিখা মুখলেছুর রহমান কলেজে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ব্যবসায় শিক্ষা বিভাগের দুজন এবং মানবিক বিভাগের দুজনসহ মোট চারজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, গত বছরও কলেজটি থেকে ব্যবসায় শিক্ষা বিভাগের চারজন ও মানবিক বিভাগের ছয়জনসহ মোট ১০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছিলেন। ফলে টানা দুই বছর প্রতিষ্ঠানটির পাসের হার শূন্য রয়ে গেছে।
এদিকে মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নেন। কিন্তু এই দুই প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি।
জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে নিবিড় তদন্ত করা হবে। তদন্ত শেষে বিস্তারিত প্রতিবেদন শিক্ষা বোর্ডে পাঠানো হবে।
প্রতিবেদনের তথ্য ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
(আরআর/এসপি/নভেম্বর ০১, ২০২৬)
