প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
২০২৬ নভেম্বর ০২ ১৪:০৪:৫৭
স্টাফ রিপোর্টার : শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া।
জেলা প্রশাসক জানান, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে কাজ করবেন। ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
তিনি আরো জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে আগুন দেন। এসব ঘটনায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতির কারণে জেলার অনেক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২৬)
