ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

২০২৬ নভেম্বর ০২ ১৭:২৫:৪৬
নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলে হারিয়ে যাওয়া ৩৬টি স্মার্টফোন উদ্ধার করেছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে জেলার বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া টাকা উদ্ধারে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন মডেলের ৩৬টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোন ফেরত পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিকরা। এ সময় ভুক্তভোগীরা জানান, হারানো ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তারা। পুলিশের আন্তরিক প্রচেষ্টায় ফোনগুলো ফিরে পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ জানায়, মোবাইল ফোন হারিয়ে গেলে ভুক্তভোগীরা নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইলের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফোনগুলোর অবস্থান শনাক্ত করে সেগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার কার্যক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই (নিঃ) প্রসেনজিত ঘোষ ও এসআই (নিঃ) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিনসহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত পুলিশ সদস্যরা।

হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগীরা।

(আরএম/এসপি/নভেম্বর ০২, ২০২৬)