প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
২০২৬ নভেম্বর ০২ ১৮:৩২:৫৯
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার খলিশাগাড়ী বিলে অভিযান চালিয়ে অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ এবং অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন জানান, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিলচলন ইউনিয়নের খলিশাগাড়ি বিলের অভিযান চালিয়ে দুইটি সোঁতিবাঁধ উচ্ছেদ করেছে। খলিশাগাড়ি বিলের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, জলজ পরিবেশ রক্ষা এবং দেশীয় মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ আইন অনুসারে বিলের পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী ২টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ করা হয় এবং একজন অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ ধরনের বাঁধ পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে,মাছের চলাচল ও প্রজননে বাধা সৃষ্টি করে এবং মাছের প্রাকৃতিক বিচরণক্ষেত্র ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল মতিন এবং চাটমোহর থানা পুলিশের সদস্যগণ সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থ রক্ষা, জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানিয়েছেন।
(এসএইচ/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
