ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

২০২৬ নভেম্বর ০৩ ০১:১৩:৩৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, চার সমুদ্রবন্দরে সতর্কতা

স্টাফ রিপোর্টার : বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বিজ্ঞপ্তি-৯-এ এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুর ১২টায় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায়। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্র ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)