ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত

এসএসসিতে অকৃতকার্যদের একাদশে ভর্তির সুযোগ দেওয়ার দাবি

২০২৬ নভেম্বর ০৩ ১৫:১১:৫৭
এসএসসিতে অকৃতকার্যদের একাদশে ভর্তির সুযোগ দেওয়ার দাবি

স্টাফ রিপোর্টার : এসএসসি ২০২৬ পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ ও বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের দাবি জানিয়েছে এসএসসি ২০২৬ শিক্ষার্থী অধিকার আন্দোলন বাংলাদেশ।

চলতি বছর বিশেষ পরীক্ষা সম্ভব না হলে কলেজে অধ্যয়নরত অবস্থায় পরবর্তী বছর সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি তুলে ধরা হয়।

মানববন্ধনে লিখিত বক্তব্যে ঢাকা বোর্ডের পরীক্ষার্থী তামিম বলেন, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অনেক শিক্ষার্থী হতাশা ও অনিশ্চয়তায় পড়েছে। এতে তাদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শুরু ও ভবিষ্যৎ শিক্ষার পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষাজীবনের ধারাবাহিকতা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- চলতি বছর বিশেষ সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজন, পরীক্ষার সিলেবাস ও মানবণ্টনসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ, পরীক্ষার সময়সূচি ঘোষণা ও দ্রুত ফল প্রকাশ এবং উত্তীর্ণদের একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ব্যবস্থা করা।

চলতি বছর বিশেষ পরীক্ষা আয়োজন সম্ভব না হলে অকৃতকার্য শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা এবং পরবর্তী বছর কলেজে অধ্যয়নরত অবস্থায় সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে বলা হয়, বিশেষ পরীক্ষার সিলেবাস, প্রশ্নপদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি ও পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রকাশ করা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত প্রস্তুতির সময় দিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ এবং দ্রুত ফল প্রকাশের ব্যবস্থা করতে হবে। এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা একই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাবে।

একটি পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানেই কোনো শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনা শেষ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীদের ঘাটতি পূরণ এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেওয়া প্রয়োজন। এ জন্য শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানবিক ও শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

(ওএস/এএস/নভেম্বর ০৩, ২০২৬)