ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

২০২৬ নভেম্বর ০৩ ১৮:২১:১০
কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামের বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জাকির হোসেন নবাব কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালের দিকে নওগাঁ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নবাব। তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই সকাল পৌনে ১১টায় তিনি মারা যান।

জানা যায়, ২০২৫ সালের ২০ জুন সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে বিস্ফোরক ও সহিংসতা মামলায় নওগাঁ কারাগারে আটক ছিলেন তিনি। হঠাৎ অসুস্থতাবোধ করলে কারাগার থেকে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।

নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, জাকির হোসেন নবাব একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গত বছর থেকে এই কারাগারে বন্দী ছিলেন। সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয় এবং পথেই তিনি মারা যান। তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা পূর্ণ করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

(এআরআই/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)