প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত
২০২৬ নভেম্বর ০৩ ১৯:০৮:০৩
একে আজাদ, রাজবাড়ী : বাংলা সাহিত্যের অন্যতম মনীষী, প্রখ্যাত সাহিত্যিক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর পাংশায় আলোচনা সভা, কুইজ ও রচনা প্রতিযোগিতা, সম্মাননা স্মারক প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের উদ্যোগে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক। সঞ্চালনা করেন এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সোহরাব।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যিক এয়াকুব আলী চৌধুরীর জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রিঙ্কু, শামসুল আলম আকুল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকেরা।
উল্লেখ্য, মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী ১৮৮৮ সালে পাংশা উপজেলার মাগুরাডাঙ্গি গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ‘কোহিনূর’ পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মানব মুকুট’, ‘শান্তিধারা’, ‘ধর্মের কাহিনী’ ও ‘নূরনবী’। ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। পাংশার মাগুরাডাঙ্গি গ্রামের পারিবারিক কবরস্থানে তিনি শায়িত আছেন।
(একে/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)
