প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত
স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
২০২৬ নভেম্বর ০৩ ১৯:১০:২০
বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্নতা, অবকাঠামোগত সমস্যা এবং পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঢাকায় ফিরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ মঙ্গলবার দুপুরে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কোনো অনিয়ম পাইনি, তাহলে সেটা অসত্য বলা হবে। গত ১৭ বছরের শাসনামলে শুধু স্বাস্থ্য খাত নয়, পুরো দেশেই ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে। স্বাস্থ্য খাতে টাকা লুটপাট হয়েছে। মেশিন কেনা হয়েছে, কিন্তু প্রয়োজনীয় জনবল নেই। আবার জনবল থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। ওষুধের সরবরাহ নেই, ভ্যাকসিনের সংকট—এমন একটি নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেই আমরা দায়িত্ব গ্রহণ করেছি।”
তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতি দূর করে পরিস্থিতির উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মাদারীপুর জেলা হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, এখানে এসে অনেক অনিয়ম পেয়েছি। হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে রয়েছে। অবকাঠামোর সংস্কার ও মেরামতের প্রয়োজন থাকলেও তা করা হয়নি। এমনকি রোগীরাও যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না। হাসপাতালটিতে নানা ধরনের বিধিবহির্ভূত কর্মকাণ্ড ও অনিয়ম রয়েছে।
ওষুধ সরবরাহের বিষয়ে গুরুতর অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন মজুত থাকার পরও রোগীদের সেগুলো দেওয়া হচ্ছে না। বরং বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হচ্ছে। সরেজমিনে পরিদর্শন করে তিনি এমন পরিস্থিতির প্রমাণ পেয়েছেন বলেও জানান। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ঢাকায় ফিরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, মাদারীপুরের পুলিশ সুপার ফজলে ইলাহী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিরা।
(বিকেডি/এসপি/নভেম্বর ০৩, ২০২৬)
