প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত
আবারো বিচারকের আসনে মেহজাবীন, সঙ্গে তাহসান
২০২৬ নভেম্বর ০৪ ১৫:৫৭:১৩
বিনোদন ডেস্ক : একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০১০ সালে শোবিজে যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। গত বছর ওই প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।
চলতি বছরের এপ্রিলে শেষ হয় আসর।
বছর না ঘুরতেই আবার বিচারকের আসনে হালের জনপ্রিয় এই অভিনেত্রী।
এবার বিচারক হয়েছেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর। তার সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
এ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘অনেক বছর পর আবারও শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার রিয়েলিটি শো। এবারের আয়োজনে আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, যা আমার জন্য সত্যিই অনেক সম্মানের ও আনন্দের।
’
এই অভিনেত্রী আরও বলেন, ‘ভালো লাগছে নতুন প্রতিভা খুঁজে বের করার এই সুন্দর উদ্যোগের অংশ হতে পেরে। ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভার আগমন সব সময় আশার আলো জাগায়। আশা করি, এই মঞ্চ থেকে উঠে আসবে এমন কিছু প্রতিভাবান মুখ, যারা ভবিষ্যতে আমাদের বিনোদন জগৎকে আরও সমৃদ্ধ করবে।’
গেল ৩০ অক্টোবর থেকে এনটিভিতে শুরু হয়েছে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের সম্প্রচার। প্রতি শুক্র ও সোমবার রাত সাড়ে ৯টায় প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি।
জানা গেছে, ১০০টি আঞ্চলিক পর্বের মধ্য দিয়ে শুরু হওয়া প্রতিযোগিতাটি বিভাগীয় ও জাতীয় পর্যায়ের বাছাই শেষে চূড়ান্ত পর্বে পৌঁছেছে। নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতায় প্রতিভার স্বাক্ষর রেখে বয়সভিত্তিক তিনটি গ্রুপ থেকে নির্বাচিত হবে বাংলাদেশের সেরা তিন অলরাউন্ডার।
তিনটি গ্রুপের সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। রিয়েলিটি শোটি উপস্থাপনা করছেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ও সুনেরাহ তাসনিম।
(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০২৬)
