ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » স্বাস্থ্য » বিস্তারিত

৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

২০২৬ নভেম্বর ০৫ ০১:২৩:০৬
৪ ডিসেম্বর হচ্ছে না মেডিকেল ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা আয়োজনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
তবে নতুন তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হলেও নতুন তারিখ নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। এসব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নতুন পরীক্ষার সময়সূচি নির্ভর করতে পারে।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, পুনঃপরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, তা সরকার নির্ধারণ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

ফলে ভর্তি পরীক্ষার নতুন তারিখ এবং অংশগ্রহণের যোগ্যতা নিয়ে আপাতত অপেক্ষায় থাকতে হচ্ছে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের।

(ওএস/এএস/নভেম্বর ০৫, ২০২৬)