প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২০২৬ নভেম্বর ০৫ ১৭:১০:৩৪রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : রহিমা খাতুন নামের এক পথচারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহষ্পতিবার ভোরে সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন (৫৫) সাতক্ষীরা সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনসান আলীর স্ত্রী।
বাঁশঘাটা গ্রামের শরিফুল ইসলাম জানান, তার মা রহিমা খাতুন বৃহষ্পতিবার ভোর চারটার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি খবর পান যে তার মায়ের লাশ সাতক্ষীরা- যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ের নিকটবর্তী এলাকায় রাস্তার উপর পড়ে আছে। ঘটনাস্থলে যেয়ে তিনি তার মায়ের মাথা থেতলানো ও দুই হাত ভাঙা অবস্থায় দেখতে পান। রাস্তা পার হওয়ার সময় কোন দ্রুতগামি বাস বা ট্রাক তার মাকে চাপা দিয়ে চলে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, বৃহষ্পতিবার ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে কোন দ্রুতগামি বাস বা ট্রাক রহিমা খাতুন রাস্তা পার হওয়ার সময় চাপা দিয়ে চলে গেছে বলে মনে করা হচ্ছে। তার মাথা থেঁতলানো ও দুই হাত ভাঙা ছিল। পুলিশ লাশ উদ্ধার করেছে।
(আরকে/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)
