প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মামুন এমপির ডিও চিঠির সুফল: চার লেনে উন্নীত হচ্ছে টাঙ্গাইল-জামালপুর সড়ক
২০২৬ নভেম্বর ০৫ ১৭:১৭:২১রাজন্য রুহানি, জামালপুর : পথ কেবল দুটি দূরত্বকে যুক্ত করে না, পথ বোনে মানুষের স্বপ্ন, বদলে দেয় হাজারো জীবনের গতিপথ। জামালপুর থেকে টাঙ্গাইল যাওয়ার যে পথটি এতদিন ছিল কেবলই একটি সাধারণ পিচঢালা সড়ক, তা এবার রূপ নিতে যাচ্ছে আধুনিকতার এক দৃষ্টিনন্দন মহাসড়কে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার লেনের এক নতুন দিগন্তে পা রাখতে চলেছে টাঙ্গাইল-জামালপুর মহাসড়ক।
এই পরিবর্তনের পেছনের গল্পটি ভালোবাসার, নিজের অঞ্চলের প্রতি দায়বদ্ধতার। জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জামালপুরবাসীর যাতায়াত সহজ, নিরাপদ ও আরামদায়ক করতে আঁকেন এক দূরদর্শী স্বপ্ন। প্রধানমন্ত্রীর দরবারে পোঁছায় তাঁর সেই স্বপ্ন ও আবেদনের বার্তা। আবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতিবাচক সাড়া মেলায় খুলতে শুরু করেছে স্থবিরতায় জমে থাকা জট।
সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, সংসদ সদস্যের পাঠানো ডিও পত্রের আলোকেই শুরু হয়েছে এই চার লেনের প্রশাসনিক তৎপরতা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়ে কেবল কাজ শুরু করতেই বলা হয়নি, দেওয়া হয়েছে প্রকল্পের প্রতিটি অগ্রগতির চিত্র সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশও।
চার লেনের এই চওড়া সড়কটি যখন প্রস্তুত হবে, তখন কেবল দূরত্বের সময়টুকুই কমবে না; এটি হয়ে উঠবে জামালপুরের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য আর সাধারণ মানুষের স্বপ্নপূরণের এক নতুন মাইলফলক। দুর্ঘটনা আর যানজটের পুরনো গল্প পেছনে ফেলে এক নতুন ও আধুনিক জামালপুরের সূচনালগ্নে দাঁড়িয়ে এখন পুরো অঞ্চল।
এ বিষয়ে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান- সড়ক যোগাযোগ ব্যবস্থায় জামালপুরবাসীর দুর্ভোগ লাঘবে টাঙ্গাইল-জামালপুর ও ময়মনসিংহ-জামালপুর দুটি মহাসড়ককে চারলেনে উন্নীত করার চেষ্টা করছি। আমার আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল-জামালপুর মহাসড়ককে চারলেনে উন্নীত করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আমি আশাবাদী, দ্রুত সময়ের মধ্যে এ রুটে উন্নয়ন কার্যক্রম শুরু হবে। এছাড়াও ময়মনসিংহ-জামালপুর মহাসড়ককে চারলেনে উন্নীত করার প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ দুটি মহাসড়কে উন্নয়ন হলে জামালপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে ইনশাআল্লাহ।
(আরআর/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)
