ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শ্রীনগরে যুবদল নেতার ভরাট বাণিজ্যে নাকাল রাস্তাঘাট, ড্রেজার মেশিনের শব্দে ভোগান্তি

২০২৬ নভেম্বর ০৫ ১৮:২৮:৫৪
শ্রীনগরে যুবদল নেতার ভরাট বাণিজ্যে নাকাল রাস্তাঘাট, ড্রেজার মেশিনের শব্দে ভোগান্তি

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের যুবদল নেতা মনির হোসেনের অবৈধ ভরাট বাণিজ্যে নষ্ট করা হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। রাতের আধারে ড্রেজার মেশিনের বিকট শব্দে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যুবদল নেতা মনির হোসেনের অবৈধ ভরাট বাণিজ্যে এলাকার সড়ক নষ্ট হওয়ায় ও রাতে মেশিনের শব্দে স্থানীয় বসবাসকারীদের ভোগান্তি সৃষ্টি দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ষোলঘর-বীরতারা সড়কের পূর্ব-দেউলভোগ মামা হালিমের পাশে ও মসজিদের পাশে সড়ক সংলগ্ন ২টি ড্রেজারের সাব-স্টেশন স্থপান করা হয়েছে।

এলাকাবাসী জানায়, ড্রেজারের নিয়ন্ত্রণ করছেন যুবদল নেতা মনির হোসেন। এসব ড্রেজার দিয়ে রাতে কৃষিজমি ও পুকুর ভরাট করা হচ্ছে। কোনও ভাবেই মনির হোসেনের অবৈধ ভরাট বাণিজ্য ঠেকানো যাচ্ছে না। এর আগে ষোলঘর ভূমি অফিসের লোকজন একাধিকবার মনিরের অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদ করলেও নিষেধ অমান্য করে পুনরায় ড্রেজার চালু করা হচ্ছে। এতে জনমনে প্রশ্ন উঠেছে। মনিরের খুঁটির জোর কোথায়?

স্থানীয়রা আরো জানান, ষোলঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুবদলের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে পূর্ব খৈয়াগাঁও কবরস্থানের পাশে প্রায় ৩ একর কৃষিজমি ভরাট করা হচ্ছে। এছাড়া মামা হালিমের সামান্য পশ্চিমদিকে মসজিদের পাশে সড়ক ঘেষে নতুন করে আরেকটি ড্রেজার স্থাপন করে মনির। রাতে জমি ভরাটের কাজ করে। আর দূর থেকে ড্রাম ট্রাকের করে ভরাটের জন্য বালু এনে সড়কের পাশে ফেলা হয়।

ভুক্তভোগীরা বলেন, ড্রেজার মেশিনের শব্দে আশ পাশের বসতবাড়িতে ঘুমাতে পারেন না। শিক্ষার্থীদের পড়াশোনায় ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

পথচারীরা বলেন, বালুভর্তি ড্রাম ট্রাকের ওভারলোডিংয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এলাকার রাস্তাঘাট খানাখন্দে ভরে যাচ্ছে। দেখার যেন কেউই নেই!

নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, পূর্ব দেউলভোগে সড়কের পাশে ওই এলাকার নূর ইসলাম ও নাছিরদের মালিকানা বিনা অনুমোতিতে যুবদল নেতা মনির হোসেনগং প্রভাব খাটিয়ে বালু ফেলে। এতে জমির মালিকপক্ষ বালুর স্তুপসহ বাঁশের বেড়া দিয়ে রাখায় ভরাটকারীদের সাথে কথা কাটি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ষোলঘর ৬নং ওয়ার্ডে যুবদলের সভাপতি মনির হোসেন খৈয়াগাঁও গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে। ড্রেজার ব্যবসায়ী মনির হোসেন একই ওয়ার্ডের যুবলীগের সভাপতি পনির হোসেনের আপন ছোট ভাই। মনির হোসেনের অবৈধ ড্রেজার বাণিজ্যে আটপাড়ার ইউপি সদস্য পূর্ব দেউলভোগের হুমায়ুনের সম্পৃক্তার তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত মনির হোসেন ফোন রিসিভ করেননি। মো. হুমায়ুন মেম্বারের কাছে জানতে চাইলে তিনি দাবী করে বলেন, ভরাট বাণিজ্যের সাথে আমি জড়িত নই। এসব ড্রেজার নিয়ন্ত্রণ করছেন মনির হোসেন।

ষোলঘর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম কাছে জানতে চাইলে তিনি বলেন, দুইবার ড্রেজার উচ্ছেদ করা হয়েছে। পুনরায় ভরাট কাজ চালু করা হলে ব্যবস্থা নেওয়া হবে। এখনই সরেজমিনে যাচ্ছি। ড্রেজারের সাথে কোন আপোষ নেই।

(এম/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)