প্রচ্ছদ » শিক্ষা » বিস্তারিত
কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দু’জন
২০২৬ নভেম্বর ০৫ ১৮:৪১:২০
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : কাগজের কলমে শিক্ষক আছেন ছয়জন, কিন্তু ক্লাসে নিয়মিত উপস্থিত থাকেন মাত্র দুজন। এর ফলে ১৫০ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং ঐতিহ্যবাহী স্কুলটি এখন বেহাল দশায় পতিত হয়েছে।
ফরিদপুরের সালথা উপজেলার ৪৪ নং রাঙ্গারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর বর্তমান চিত্র এটি।
স্কুল সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে কাগজে-কলমে ছয়জন শিক্ষক থাকলেও বর্তমানে নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন মাত্র দুজন শিক্ষক। শিক্ষক সংকটের এই করুণ দশার নেপথ্যে রয়েছে নানা কারণ— বিদ্যালয়ের প্রধান শিক্ষক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর বর্তমানে একজন শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।
সহকারী শিক্ষকদের মধ্যে একজন প্রায় চার মাস ধরে মেডিকেল ছুটিতে আছেন। আরেকজন শিক্ষক সংযুক্তিতে (ডেপুটেশন) অন্যত্রে কর্মরত।আর একজন শিক্ষক বর্তমানে পিটিআই (PTI) ট্রেনিংয়ে অংশগ্রহণ করছেন।
সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, মাত্র দুজন শিক্ষক দিয়ে ১৫০ জন খুদে শিক্ষার্থীর পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতগুলো শিশুকে সামাল দিতে গিয়ে ওই দুই শিক্ষক হিমশিম খাচ্ছেন, যা ব্যাহত করছে কোমলমতি শিশুদের স্বাভাবিক পড়াশোনা ও শিখন কার্যক্রম।
এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দায়িত্বশীলদের কাছ থেকে মিলেছে দায়িত্বহীন ও অসংলগ্ন বক্তব্য। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান পুরো বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন এবং এ বিষয়ে কোনো সদুত্তর বা সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন।
অন্যদিকে, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসেম উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান বিষয়টি তাঁর জানা ছিল না। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর তিনি প্রয়োজনীয় ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়টিতে পর্যাপ্ত শিক্ষক নিশ্চিত করা না হলে ১৫০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা জীবন অন্ধকার হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।
(ডিসি/এসপি/নভেম্বর ০৫, ২০২৬)
