প্রচ্ছদ » রাজনীতি » বিস্তারিত
‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ’
২০২৬ নভেম্বর ০৬ ০১:০৭:৫১
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
বর্তমান সরকারের আমলে খুন, ধর্ষণ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বেড়েছে। অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান সরকার বারবার বলেছিল, নির্বাচিত সরকার দায়িত্ব নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে,আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তাই সরকারের এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন,, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।
একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহিংসতা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,অন্যদিকে বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে। এই দুই আচরণের কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন,নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা চালিয়েছেন।এ সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, অনতিবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে সরকারের আস্থায় নিতে হবে। শ্রমিকরা সরকারের মৌখিক কোনো কমিটমেন্টে বিশ্বাস করছে না।
নাহিদ ইসলাম বলেন, সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। বর্তমান সরকার বলেছিল, নির্বাচিত সরকার আসলেই আইনশৃঙ্খলার উন্নতি হবে। কিন্তু এখন আইনশৃঙ্খলার আরও অবনতি হয়েছে। দলীয় কোন্দল, চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাস, রাহাজানি ও ছিনতাই বেড়েছে।
নাহিদ ইসলাম বলেন, একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপির রাষ্ট্রীয় দমনপীড়ন দেশকে অস্থিতিশীল করছে।
দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী চিফ হুইপ নাহিদ ইসলাম।
সমন্বয় সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সম্পাদক অংশগ্রহণ করেন।
(এসএএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)
