ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » আইন আদালত » বিস্তারিত

‘শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না’

২০২৬ নভেম্বর ০৬ ১৫:০৯:৪২
‘শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না’

স্টাফ রিপোর্টার : আগামী প্রজন্ম সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত ‘১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা (ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬)’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী তরুণ আইনজীবীদের মক্কেলের আর্থিক সামর্থ্য বিবেচনা না করে দায়িত্বশীলতার সঙ্গে আদালতে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, আইন পেশায় শর্টকাটে টাকা উপার্জনের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।

আদালতে দাঁড়ালে শুধু মক্কেলের ফি বা অর্থের বিষয়টি বিবেচনা না করার পরামর্শ দিয়ে আইনমন্ত্রী বলেন, প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিত করার মানসিকতা নিয়ে আদালতে দাঁড়াতে হবে।

আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, পেশাগত জায়গা থেকে সব সময় শুধু মক্কেলের টাকার বিনিময়ে কাজ করা যায় না।
প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে হবে এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)