ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » খেলা » বিস্তারিত

রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় পর্তুগাল

২০২৬ নভেম্বর ০৬ ১৫:৩২:২৪
রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : রোনালদোকে এভাবে বিদায় দিতে চায় না পর্তুগাল, করবে বিশেষ আয়োজন।

একটি মহাকালের অবসান। পর্তুগালের জার্সিতে ২৩ বছরের পথচলা শেষ করার ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার বিদায়কে সাধারণ কোনো ঘোষণায় সীমাবদ্ধ রাখতে চায় না পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করতে চায় তারা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে নিজের বিদায়ের কথা জানান তিনি। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড দুটিই তাঁর দখলে।

রোনালদোর ঘোষণার পরপরই বিবৃতিতে নিজেদের অবস্থান জানায় ফেডারেশন অফ পর্তুগিজ ফুটবল এফপিএফ। সেখানে তাঁকে শুধু অসাধারণ একজন খেলোয়াড় নয়, বরং অনুপ্রেরণাদায়ী নেতা, নিবেদনের উদাহরণ এবং জাতীয় দলের চেতনার সবচেয়ে বড় প্রতীক হিসেবে উল্লেখ করেছে ফেডারেশন।

বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশকে কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’

রোনালদোর প্রতিটি ঘামের বিন্দু, গুরুত্বপূর্ণ গোল এবং মাঠে অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি সম্মান, সবকিছুর মধ্যেই পর্তুগালের জার্সির প্রতি তাঁর নিঃশর্ত ভালোবাসার প্রতিফলন দেখছে ফেডারেশন। তাদের মতে, রোনালদো নিজের পারফরম্যান্স দিয়ে বিশ্বমঞ্চে পর্তুগালের পরিচিতি বাড়িয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন নতুন প্রজন্মকে।

বিবৃতির সবচেয়ে আবেগঘন অংশে ফেডারেশন লিখেছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই এবং সক্রিয়ভাবে সহযোগিতা করতে চাই। এমন একটি আয়োজন, যেখানে সমর্থকেরা ও পুরো দেশ আরেকবার সেই খেলোয়াড়কে অভিবাদন জানাতে ও উদ্‌যাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।’

তবে কবে, কোথায় কিংবা কীভাবে এই সংবর্ধনা আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি এফপিএফ। আপাতত তাদের লক্ষ্য, সমর্থকদের সামনে আরেকবার জাতীয় দলের অধিনায়ককে সম্মান জানানোর সুযোগ তৈরি করা।

বিবৃতির শেষেও রোনালদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফেডারেশন। সেখানে লেখা হয়েছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’

শেষ বাক্যটি মনে করিয়ে দেয়, জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবলকে এখনই বিদায় বলছেন না রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। ক্যারিয়ারের এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যও এখনো সামনে।

(ওএস/এএস/নভেম্বর ০৬, ২০২৬)