প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
নড়াইলে জাতীয় নারী নৌকাবাইচ ও সাংস্কৃতিক উৎসব শুরু
২০২৬ নভেম্বর ০৬ ১৯:০৭:২৬
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিনব্যাপী 'জাতীয় নারী নৌকাবাইচ, সাংস্কৃতিক উৎসব ও ফ্রি হেলথ ক্যাম্প' শুরু হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এই উৎসবের উদ্বোধন করেন।
শনিবার (৭ নভেম্বর) ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া কথা।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র ও স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড যৌথভাবে এই উৎসবের বাস্তবায়ন করছে। নড়াইলের লোকজ ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা এবং গ্রামীণ নারীদের ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান, জারি সম্রাট মোসলেম উদ্দীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী উদয় শংকর ও সেতারবাদক পণ্ডিত রবিশংকরের শিকড় নড়াইলের সঙ্গে যুক্ত। জেলার এই সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটন সম্পদ জাতীয় পর্যায়ে আরও ছড়িয়ে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সামীমুজ্জামান বলেন, এস এম সুলতানের চিত্রকর্ম ও স্মৃতিবিজড়িত বাড়িকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটন হাব গড়ে তোলার সুযোগ রয়েছে। এছাড়া মতুয়া সম্প্রদায়ের নারীদের এই নৌকাবাইচ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পর্যটন করপোরেশনের পরিচালক গনী উল আজম, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির। এ সময় সাপ্তাহিক নড়াইলকণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান নড়াইলকে পর্যটন জেলা হিসেবে ঘোষণার দাবি জানিয়ে অতিথিদের হাতে একটি দাবিনামা ও অ্যালবাম তুলে দেন।
উৎসবের অংশ হিসেবে দুদিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, প্রথম দিনেই পাঁচ শতাধিক মানুষ এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা নিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলকাপুরী সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি বনানী বিশ্বাস।
এই আয়োজনের পাওয়ার্ড বাই পার্টনার গ্লোবাল মেডিক্লাউড (বিডি) লিমিটেড এবং স্পন্সর টি কে গ্রুপ। সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, ইউএনএফপিএ, ইউএনডিপি ও এটুআইসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
(আরএম/এসপি/নভেম্বর ০৬, ২০২৬)
