ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত

‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’

২০২৬ নভেম্বর ০৮ ১৪:১৩:৩৯
‘ক্লিকবেট সাংবাদিকতার পক্ষে কখনোই ছিলাম না’

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেছেন, “আমি কোনো ক্লিকবেট জার্নালিজমের পক্ষে কোনো দিন ছিলাম না, এখনো নই। সাংবাদিকতা একটি শিল্প। এই শিল্পের সঙ্গে যুক্ত হতে হলে ভাষার সঙ্গে গভীর সম্পর্ক থাকতে হবে। সে সম্পর্ক হবে রোমান্টিক।”

শনিবার (৭ নভেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে কুবি প্রেস ক্লাব আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, “ নৈতিকতা ছাড়া সাংবাদিকতা হয় না। সাংবাদিক সমাজের সমৃদ্ধ ও আলোকিত সদস্য। বর্তমানে আমরা যে আতঙ্কিত ও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছি; তা থেকে সমাজকে রক্ষা করতে হলে সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কে জানতে হবে। সাংবাদিকতার জন্য সামগ্রিক প্রস্তুতি প্রয়োজন। আর সেই প্রস্তুতি হলো জ্ঞান অর্জন। জ্ঞানের দুটি ভাগ রয়েছে। একটি হলো বুদ্ধি তৈরি করা, অন্যটি প্রযুক্তিগত জ্ঞান। এখনকার সাংবাদিকতা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তিগত জ্ঞান কীভাবে ব্যবহার করতে হবে, সেটিও জানতে হবে। বুদ্ধি, জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা সব মিলিয়েই সাংবাদিকতা। এসবের কোনো একটিকে বাদ দিলে সাংবাদিকতা পূর্ণতা পাবে না। তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সমাজের জন্য এগিয়ে আসতে হবে এবং সমাজের কল্যাণে কাজ করতে হবে।”

“আমরা বাংলা, ইংরেজি কিংবা অন্য যে ভাষাতেই কথা বলি না কেন, ভাষার সঙ্গে সেই রোমান্টিক সম্পর্ক না থাকলে সাংবাদিকতাকে শিল্প হিসেবে তুলে ধরা সম্ভব নয়”, যোগ করেন তিনি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক এবং সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কুবি প্রেস ক্লাব। ৬ ও ৭ নভেম্বর দুই দিনব্যাপী এ কর্মশালায় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি আয়োজনে সহযোগিতা করেছে কুমিল্লার স্বনামধন্য প্রতিষ্ঠান কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি।

কর্মশালার দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টিআরটি ওয়ার্ল্ডের তুরস্কে বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান (বাবলু), দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের চট্টগ্রাম ব্যুরোপ্রধান সামছুদ্দিন ইলিয়াস এবং বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মো. হারুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বেলাল হুসাইন। এছাড়া, বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রসংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/নভেম্বর ০৮, ২০২৬)