প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন বিভাগের শ্রেষ্ঠ সমিতি
২০২৬ নভেম্বর ০৮ ১৭:৫৫:০০একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আজ রবিবার বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ এই সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এর আগে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু সমিতির চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়ার হাতে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি স্বরুপ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়াইগ্রামে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের জেনারেল সেক্রেটারী পদ্মিনী কস্তার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, জোয়াড়ি ইউপি চেয়ারম্যান আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, কালব এর জেলা ব্যবস্থাপক কোরবান আলী, জোনাইল উদ্যোমী সঞ্চয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মতিউর রহমান, পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান পল সেন্টু কস্তা সহ অন্যান্য সমবায় নেতৃবৃন্দ।
(এবি/এসপি/নভেম্বর ০৮, ২০২৬)
