প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
‘শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ’
২০২৬ নভেম্বর ০৯ ১৪:৫০:৫১
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “পলাতক শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে কোনো পাসপোর্ট দেবে না বাংলাদেশ।”
শেখ হাসিনার আবেদনকে ‘হাস্যকর’ উল্লেখ করে তিনি বলেন, “তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারেন না। তিনি আসতে চাইলে ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।”
শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে হুমায়ুন কবির বলেন, “তাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না।”
বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পরিষ্কারভাবে বলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার পক্ষে কাজ করা আইনজীবীদের সমালোচনা করে হুমায়ুন কবির বলেন, “শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করেন, তাহলে তাদের নৈতিক অবস্থান কোথায়?”
এর আগে, গত বৃহস্পতিবারও হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।
আজ সোমবার শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদলে বলা হয়, ছাত্র- জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।
ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার এই পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার।
রয়টার্সের মতে, তার এই সম্ভাব্য ফেরা এমন এক সময়ে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনার জন্ম দিতে পারে, যখন তার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
তার সহযোগীরা সোমবার রয়টার্সকে জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন ঘিরে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯ নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ৪৫৩টিই হত্যা মামলা। এর মধ্যে একটি মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। যদিও ভারতে থেকেই তিনি এই অভিযোগগুলো অস্বীকার করে আসছেন।
আইনজীবীর চিঠি
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবী লেখেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে তার বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবর পাওয়ার পরিপ্রেক্ষিতে, আমি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।”
চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর আওতাধীন বাধ্যবাধকতা’ অনুসারে এই আবেদনটি দ্রুত প্রক্রিয়াকরণ করার অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্রসচিবের ‘বক্তব্য নেই’, প্রসিকিউটর বলছেন ‘স্টান্ট’
আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। সেখানে শেখ হাসিনার আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে কোনো বক্তব্য নেই।’
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার আবেদনকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন। দুপুরে ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “শেখ হাসিনা এখন যা করছেন, তা রাজনৈতিক স্টান্ট। তিনি ফিরবেন না।” শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
(ওএস/এএস/নভেম্বর ০৯, ২০২৬)
