প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বিয়ের প্রলোভনে নারীকে ধর্ষণ, প্রায় এক দশক পর যুবকের যাবজ্জীবন
২০২৬ নভেম্বর ০৯ ১৬:১০:৪০
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় প্রায় এক দশক পর মো. ইব্রাহিম আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারেরচর গ্রামের গাজী রহমানের ছেলে।
৯ নভেম্বর সোমবার সকালে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাবার বাড়ি ও আসামির বাড়ি একই গ্রামে পাশাপাশি। এ সুযোগে ইব্রাহিম আলী বিভিন্ন সময়ে ওই নারীকে কুপ্রস্তাব ও অশালীন কথাবার্তা বলতেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাঁর মুঠোফোন নম্বর সংগ্রহ করে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতে থাকেন। বিষয়টি পরিবারকে জানানো হলে আসামি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে ওই নারী বাবার বাড়ির পাশে টিউবওয়েলে পানি আনতে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ইব্রাহিম আলী পেছন দিক থেকে তাঁকে ধরে মুখ চেপে ধরেন এবং জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়।
এজাহারে বলা হয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে আসামি বিয়ের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়ন করেননি। সামাজিক মানসম্মানের ভয়ে ভুক্তভোগী প্রথমদিকে আইনি পদক্ষেপ নিতে দ্বিধায় ছিলেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান- ভুক্তভোগী নারী জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু মামলা নম্বর ১৭০/২০১৭ হিসেবে নথিভুক্ত হয়। এর আগে দেওয়ানগঞ্জ থানায় মামলা নম্বর ২৭, তারিখ ২৪ অক্টোবর ২০১৬ এবং জিআর মামলা নম্বর ২৬৬(২)/২০১৬ হিসেবে মামলাটি নথিভুক্ত হয়।
তিনি আরও জানান- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী নারীকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
(আরআর/এএস/নভেম্বর ০৯, ২০২৬)
