প্রচ্ছদ » খেলা » বিস্তারিত
টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনতি
২০২৬ নভেম্বর ১০ ১৫:৫২:৩২
স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ টেস্ট র্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারের প্রভাব পড়েছে র্যাংকিংয়ে।
৯ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তালিকায় ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। আগের অবস্থান থেকে দুই ধাপ অবনতি হয়েছে টাইগারদের।
সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৮ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২ হাজার ৩৮। র্যাংকিংয়ে বাংলাদেশের ঠিক ওপরে রয়েছে শ্রীলঙ্কা।
১৯ ম্যাচে ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে তারা। অন্যদিকে, বাংলাদেশের পেছনে নবম স্থানে রয়েছে পাকিস্তান।
তাদের রেটিং পয়েন্ট ৭১। দশম স্থানে থাকা জিম্বাবুয়ের রেটিং ১৭।
বাংলাদেশের র্যাংকিংয়ে এই অবনতির পেছনে বড় কারণ সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ফল। গত ২৮ অক্টোবর মিরপুরে শুরু হওয়া প্রথম টেস্টে ক্যারিবীয়দের কাছে ৮ উইকেটে হারে বাংলাদেশ। এরপর সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জয় পায়নি স্বাগতিকরা। পঞ্চম দিনে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় ম্যাচটি ড্র করে বাংলাদেশ। ফলে দুই ম্যাচের সিরিজটি ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
এই সিরিজের আগে আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে ছিল বাংলাদেশ। সিরিজ জয়ের সুবাদে ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থান থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন বাংলাদেশের ওপরে। অন্যদিকে, সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৭৫।
তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে প্রোটিয়ারা। ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া এবং ১০৬ পয়েন্ট নিয়ে তৃতীয় নিউজিল্যান্ড। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে ভারত (১০৫) ও ইংল্যান্ড (১০২)।
টেস্ট র্যাংকিংয়ে পিছিয়ে পড়লেও সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালো ফলের পাশাপাশি আসন্ন টেস্ট সিরিজগুলোতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে র্যাংকিংয়ে উন্নতির সুযোগ তৈরি হবে টাইগারদের।
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৬)
