প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বগুড়ায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
২০২৬ নভেম্বর ১০ ১৬:৫১:৩৬
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরের জহুরুলনগর এলাকার একটি মেস থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. হৃদয় মিয়া জয়পুরহাট জেলার কালাই থানার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে। তিনি বগুড়া সরকারি শাহসুলতান কলেজের অনার্সের শিক্ষার্থী। ছাত্রদল নেতাদের দাবি, তিনি আগে বগুড়ায় থাকতেন এবং বর্তমানে জয়পুরহাটে অবস্থান করছিলেন।
জানা গেছে, সোমবার দিবাগত রাতে জহুরুলনগরের সন্ধ্যামালতী মেস থেকে হৃদয় মিয়াকে আটক করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাতেই তাকে বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব রাফিউল আল আমিনসহ কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী জানান, ছাত্রদলের পক্ষ থেকে আটককৃত ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং নাশকতার মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
(এআরআই/এসপি/নভেম্বর ১০, ২০২৬)
