ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের

২০২৬ নভেম্বর ১০ ১৭:১৬:২৮
ফরিদপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বাসে আগুন, প্রাণ গেলো চালকের

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচামটে অবসস্থিত বাস টার্মিনাল (নতুন বাসস্ট্যান্ড) এলাকায় পার্কিং করে রাখা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসটির ভেতর ঘুমিয়ে চালক কালাচাঁন শেখ (৩৪) মারা গেছেন।

সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত কালাচাঁন শেখ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার নুরুদ্দিন শেখের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় জনতা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ওই বাসটিতে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ওই সময় বাসের ভেতরে ঘুমে ছিলেন চালক কালাচাঁন শেখ। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় কালাচাঁনের শ্বাসকষ্ট শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ রাত আনুমানিক ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, বাসচালক কালাচাঁন শেখকে রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আগুনের বিষাক্ত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কালাচাঁনের মরদেহটি উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কোতয়ালি থানা পুলিশ।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান 'উত্তরাধিকার ৭১ নিউজ'কে জানান, 'বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিলে ওই বাসে থাকা চালক কালাচাঁন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাছাড়া, যারা এটি ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে জানিয়ে- এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মাহমুদুল।

(আরআর/এসপি/নভেম্বর ১০, ২০২৬)