ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ

২০২৬ নভেম্বর ১১ ১৭:৫০:২৩
ফরিদপুরে আরও একটি চেক জালিয়াতির মামলায় আসামি হলেন সাংবাদিক নাজমুল পারভেজ

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরে আর্থিক লেনদেন ও চেক জালিয়াতি সংক্রান্ত একের পর এক মামলা জড়িয়েছেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ নাজমুল আলম পারভেজ। পূর্বের বেশ কয়েকটি মামলায় সাজা ও অর্থদণ্ড মাথায় থাকার মধ্যেই এবার তাঁর বিরুদ্ধে নতুন করে আরও একটি চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে।

নতুন এই মামলাটি করেন ফরিদপুর শহরের গোয়ালচামট এর বাসিন্দা শেখ ফয়েজ আহমেদ।

আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে আসামি নাজমুল পারভেজের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন বলে বাদীপক্ষ নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) ফরিদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ নম্বর আমলি আদালতে এই মামলাটি দায়ের করা হয়। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, পাওনা অর্থ পরিশোধের জন্য সৈয়দ নাজমুল পারভেজের দেওয়া চেকটি ব্যাংকে জমা দিলে তা ব্যাংক হিসাব বন্ধ থাকায় চেক ডিজঅনার হয়। কোনো উপায় না পেয়ে অবশেষে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও চেক সংক্রান্ত বিষয়ে এ পর্যন্ত প্রায় আটটি মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় ইতিমধ্যে আদালতের রায় এসেছে, যেখানে তাঁর সাজা ও অর্থদণ্ড হয়েছে। এসব সাজাপ্রাপ্ত মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে কারাভোগও করতে হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি মামলা এখনো আদালতে বিচারাধীন রয়েছে। দন্ডমাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক থাকা অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করে আদালতে সোপর্দ করেছিল।

এদিকে শুধু ব্যক্তিগত লেনদেনই নয়, ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ঋণের অর্থ দীর্ঘদিন যাবৎ পরিশোধ না করার অভিযোগেও তাঁর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আর্থিক সংশ্লিষ্টতা ও জালিয়াতির গুরুত্ব বিবেচনা করে মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আর্থিক কেলেঙ্কারির পাশাপাশি নাজমুল পারভেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছে। তাঁর মালিকানাধীন ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকাটির মালিকানা বিক্রির ঘোষণা দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি এই বিক্রির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করলে ভুক্তভোগী এক পক্ষ ফরিদপুর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পত্রিকার মালিকানা হস্তান্তর ও এই সংক্রান্ত আর্থিক বিরোধের বিষয়টি স্থানীয় সাংবাদিক মহলেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা একটি দায়িত্বশীল সংগঠনের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে একের পর এক মামলা, সিআইডি তদন্ত এবং জিডির ঘটনায় ফরিদপুরের সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এসব নতুন মামলার অভিযোগ, সিআইডি তদন্ত এবং পত্রিকা বিক্রির বিরোধ প্রসঙ্গে বক্তব্য জানতে সৈয়দ নাজমুল আলম পারভেজের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে তাঁর ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি এবং মোবাইল সংযোগ বন্ধ পাওয়া গেছে।

দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি খোন্দকার কামাল হোসেন বলেন, সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ দন্ড রায় ঘোষণা, নতুন মামলা দায়ের এবং একই সঙ্গে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের ফরিদপুর এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ১১, ২০২৬)